ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর অপরাধ জগতের এক আতঙ্কের নাম আনচার ডাকাত। দীর্ঘদিন পলাতক থাকা এই কুখ্যাত আসামিকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মহেশখালী থানা পুলিশ।
২৮ আগস্ট (শুক্রবার) গভীর রাতে মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পরিচালিত এক গোপন অভিযানে কক্সবাজার সদর থানার গুমগাছতলা এলাকা থেকে আনসার উল্লাহ ও তার এক সহযোগীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আনসার উল্লাহ (২৩), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মোঃ ঈসমাইলের ছেলে। তার সঙ্গে আটক অপর ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার আবুল হোসনের ছেলে দেলোয়ার হোসেন (২৬)।
পুলিশের তথ্যমতে, আনচারের বিরুদ্ধে মহেশখালী থানায় অন্তত ৭টি মামলা রয়েছে—যার মধ্যে রয়েছে ৩টি হত্যা ও ৩টি ডাকাতি মামলা। এছাড়া একটি অস্ত্র মামলাও রয়েছে তার নামে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় একনালা বন্দুক, ১টি এলজি এবং ২টি তাজা কার্তুজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্দুক কেনাবেচার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশের নজর পড়ে আনচারের দিকে। এরপর থেকেই একাধিক গোপন অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত তাকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই বলছেন, “অবশেষে আতঙ্কের অবসান ঘটেছে।”

