ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি ও ২০২৫ খ্রিস্টাব্দ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপন করেছে বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
“বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জীবনের পাথেয়”—এই স্লোগানে বিদ্যালয়ের পক্ষ থেকে এ দিনটি ধর্মীয় ভাবগম্ভীর ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ছিল:
হামদ-নাত প্রতিযোগিতা
আলোচনা সভা
মিলাদ মাহফিল
দোয়ার অনুষ্ঠান
পুরস্কার বিতরণ
মিষ্টি বিতরণ
আলোচনা সভায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ, বিশ্বমানবতার জন্য তাঁর অবদান, শিশুদের প্রতি তাঁর ভালোবাসা, এবং সততা, ধৈর্য, নম্রতা ও শিষ্টাচারের শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাব বেদারুল ইসলাম। এছাড়াও সহকারী শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
হামদ ও নাত প্রতিযোগিতায়* শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতা ও শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিশেষে, মিষ্টি বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পশ্চিম দেবাঙ্গা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা সিরাজুল মোস্তফা। তিনি মুনাজাতে দেশের শান্তি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “নবীজি (সা.)-এর আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”
এই আয়োজন বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি জাগ্রত করার একটি চমৎকার উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

