জিয়াউল হক,ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও সুবিধাবাদী শক্তির পতন আজও হয়নি। অন্যায়ের প্রতিবাদ করলেই আজ মিথ্যা মামলা-হামলার শিকার হতে হচ্ছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘদিন রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্রসমাজকে সুসংগঠিত করতে ও জনগণের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য।
নয়ন আরও বলেন, “আমরা ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল মনে করি, এ মামলা আসলে গণতন্ত্রকামী তরুণ নেতৃত্বকে দমিয়ে রাখার নীলনকশা ছাড়া আর কিছু নয়। যারা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের কণ্ঠ রোধ করতেই এমন ষড়যন্ত্র করা হচ্ছে।”
তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

