শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে লাগা ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে তারা জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনও কাজ করছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই দুই প্রতিষ্ঠানের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিটসহ মোট ২৫টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও সহায়তায় ছিলেন।
আগুন নিয়ন্ত্রণে আধুনিক ফায়ার রোবটও ব্যবহার করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের সর্বোচ্চ তলায় থাকা গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অ্যাডামস ক্যাপস তোয়ালে ও ক্যাপ উৎপাদন করে, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হতো সার্জিক্যাল গাউন।

