সজিব আহমেদ,ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে সরকারি চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের গ্রাম পুলিশ কিরণ মিয়া।
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরকারি চাল ও সেলাই মেশিন চুরির অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যার দিকে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের গ্রাম পুলিশ কিরণ মিয়া (৪৮), পিতা মৃত সুবেদ আলী মুন্সি, মাতা মৃত চান বানু, সাং মাহমুদপুর, বিরুনীয়া ইউনিয়ন, ভালুকা ২৫ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ইউনিয়ন পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে বাড়ি গিয়ে খানাপিনা করেন। পরে রাত ৭টার দিকে আবার নাইট ডিউটির জন্য পরিষদ ভবনে ফিরে এসে দেখেন, ভবনের মাঠে চার বস্তা চালসহ দুই যুবক অবস্থান করছে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের ক্রয়কৃত চাল বলে দাবি করে। কিছুক্ষণ পর ওই চাল রিকশায় করে নিয়ে যায় তারা। পরদিন (২৬ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান কার্যালয়ে এসে গুদামের তালা খুলে দেখেন, ভেতরে সংরক্ষিত ৫০ কেজি ওজনের ১৩ বস্তা চাল, ৩০ কেজির একটি বস্তা চাল (মোট ৬৮০ কেজি, আনুমানিক মূল্য ৩৪ হাজার টাকা) ও চারটি পুরোনো সেলাই মেশিন (মূল্য প্রায় ২০ হাজার টাকা) নেই।
ঘটনার পর সচিব, চেয়ারম্যান এবং স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে গ্রাম পুলিশ কিরণ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন দুই যুবক মাহমুদপুর গ্রামের মো. জাহিদ মন্ডল (২২), পিতা নাজমুল হক মন্ডল, এবং দক্ষিণ চান্দরাটি গ্রামের মেহেদী হাসান রাব্বি (২৫), পিতা রুলু মিয়া সহ অজ্ঞাত আরও দুই-তিনজনের সহায়তায় ডুপ্লিকেট চাবি ব্যবহার করে গুদামঘর খুলে চুরির ঘটনা ঘটিয়েছে।

