গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নওগাঁয় পরিচালিত হলো অপারেশন ফার্স্ট লাইট।রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ নির্দেশনায় জেলায় পৃথক অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার তিন উপজেলায় একযোগে এ অভিযান চালনাে হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে দুটি বিশেষ দল গঠন করা হয়।শতাধিক পুলিশ সদস্য রাতভর নওগাঁর পোরশা, নিয়ামতপুর ও জেলা সদর এলাকায় অভিযানে অংশ নেন।চোর-ডাকাত,অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামীদের আটক করতে বাড়ি-বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়।এ অভিযানে পোরশা থানায় ১০ জন, নিয়ামতপুর থানায় ১৪ জন এবং নওগাঁ সদর থানা এলাকায় ২ জনসহ মোট ২৬ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের মধ্যে রয়েছে ৮ জন চিহ্নিত ডাকাত ও কয়েকজন মাদক ব্যবসায়ী।এ সময় দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন,পোরশা এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে, ওইসব ঘটনার মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়াও এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত এবং মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশের ফাস্ট নাইট অপারেশন চলমান রয়েছে।নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান হয়েছে।এ অভিযানে কয়েকজন পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।মুঠোফোনে চলমান অভিযানে নওগাঁ সদরে ২ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার জানান, পোরশা-নিয়ামতপুর এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা এবং জাতীয় নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।পুরো জেলার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যহত রয়েছে এবং এ অভিযানে আটককৃতদের সংশ্লিষ্ট অপরাধ সম্পর্কে যাচাই-বাছাই চলছে।প্রয়োজনে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে নওগাঁর পুলিশ সুপার জানান।

