মোঃরেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চার দিন পর অবশেষে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) নবীনগর থানায় এই দুটি মামলা দায়ের করা হয়।
গত শনিবার বিকেলে গণিশাহ মাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিপন মিয়া ও ইয়াছিন মিয়া নিহত হন এবং এমরান মাস্টার নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার ও প্রতিপক্ষ উভয় পক্ষই বুধবার পৃথক দুটি মামলা দায়ের করে। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নাম-ঠিকানা সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “দুটি পক্ষই মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

