এ,টি,এম, হুমায়ুন কাদির
নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :-
বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্যে পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটুক্তির অভিযোগ ওঠায় ময়মনসিংহের নান্দাইলে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে বিভিন্ন ইসলামি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তৌহিদী জনতা নান্দাইল উপজেলা শাখা, ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখাসহ একাধিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়। এতে স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আবুল সরকারের বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক বলে উল্লেখ করেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, আইনের যথাযথ প্রয়োগ এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন— “ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো ধরনের মন্তব্যই গ্রহণযোগ্য নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনবে— এমনটাই সবার প্রত্যাশা।”
বক্তার আরও উল্লেখ করেন যে, “রাষ্ট্রের প্রতি আমাদের দাবি— যে-ই হোক, আইন বিরোধী বক্তব্য দিলে আইনের নিয়মেই বিচার নিশ্চিত করতে হবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় অনুভূতির অবমাননার ন্যায়বিচার দাবি করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
মানববন্ধনে বক্তারা সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন।

