সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা (ময়মনসিংহ) | ১৯ ডিসেম্বর, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ডোবালিয়াপাড়া এলাকায় একটি শিল্পকারখানার সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দিপু (২৫), তিনি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপু নামের ওই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় একটি কারখানার সামনে দিপুকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর উত্তেজিত জনতা তার মরদেহ দড়ি দিয়ে বেঁধে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা মরদেহটি একটি গাছে ঝুলিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে জনরোষের কারণে দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। সন্ধ্যার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এলাকাবাসীর দাবি, দিপুর বিতর্কিত মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান ব্যক্ত করেছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
উক্ত ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডোবালিয়াপাড়া ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও র্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।

