সজীব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় এক কারখানা শ্রমিককে বাসে আটকে রেখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
ঘটনার সূত্রপাত হয় সকালে যখন গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রমিকবাহী বাসটিকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর প্রতিবাদ জানাতে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা বলতে গেলে তাকে নামতে না দিয়েই বাসটি দ্রুত গতিতে ময়মনসিংহের দিকে চলে যায়। আমিনুলকে বাসের ভেতরে আটকে রাখা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে আসেন এবং যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয় এবং উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। দীর্ঘ সময় আলোচনার পর অভিযুক্ত বাসটি শনাক্ত করে ওই শ্রমিককে উদ্ধার করে ফিরিয়ে আনার আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নিতে সম্মত হন। অবরোধ উঠে যাওয়ায় বর্তমানে যান চলাচল শুরু হলেও শ্রমিকরা সড়কে সৌখিন পরিবহনের বাসগুলো আটকে রেখেছেন। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, অপহৃত শ্রমিককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

