হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনভর যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাছাই প্রক্রিয়া শেষে যে ৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে রয়েছেন, তারা হলেন:
ড. ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি (বাংলাদেশ জামায়াতে ইসলামি)
মোঃ আবুল কালাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)
সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মীর মোঃ আবু বকর সিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
মোঃ মিজানুর রহমান চৌধুরী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)
যাচাই-বাছাইয়ে হলফনামায় ত্রুটি, তথ্যের অসঙ্গতি বা প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা হলেন:
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (স্বতন্ত্র)
মোহাম্মদ মফিজুর রহমান (স্বতন্ত্র)
মোঃ আবুল কাশেম (স্বতন্ত্র)
মোঃ আব্দুল হক আমিনী (খেলাফত মজলিস)
মোঃ গোলাম মোস্তফা কামাল (জাতীয় পার্টি)
মোঃ মাহবুবুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)
রশিদ আহমেদ হোসাইনী (স্বতন্ত্র)
সামিরা আজিম (স্বতন্ত্র)
রিটার্নিং অফিসার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে কমিশনের দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রার্থীদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় এখন বইছে নির্বাচনী হাওয়া।

