মোঃ নাজিম উদ্দিন
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি.
গাজীপুরের শ্রীপুরে এলপিজি গ্যাসের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপজেলার ডোমবাড়িচালা ও জৈনা বাজারসহ মোট পাঁচটি গ্যাস এজেন্টের গোডাউন ও খুচরা দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা গুদামে পর্যাপ্ত গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছিল। ভোক্তা অধিকার লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, অসাধু চক্র এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে এই ধরণের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

