আল আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ি সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলা এলাকায়, সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের পূর্ব পাশে নাকুগাঁও–মধুটিলা গামী পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
নালিতাবাড়ি উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং
সমচুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সীমান্ত সড়কে ভারতীয় বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদক কারবারি। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে দুইজন মাদক কারবারিসহ ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

