মো. নিজাম উদ্দিন
নিখোঁজের দুই দিন পর কুমিল্লা মহাসড়কে পড়ে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে ভোলার লালমোহনের চালক আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আকিজ গ্রুপের ২৭ টন চিনি নিয়ে আলাউদ্দিন কাভার্ডভ্যান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এরপর ওইদিন রাত থেকে ট্রাকসহ আলাউদ্দিন নিখোঁজ হয়। মালিকপক্ষ চিনি ও আলাউদ্দিনকে খুঁজে না পেয়ে পরিবারকে জানায়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আলাউদ্দিনকে সন্দেহ করা হয়। তার পরিবারও কোনো হদিস পায়নি।
শনিবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা–লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ট্রাকটিকে দুই দিন ধরে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাশি করে ভেতরে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। তবে ট্রাকে থাকা ২৭ টন চিনি গায়েব হয়ে যায়।
নিহত আলাউদ্দিন লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়াডের আনা মিয়ার বাড়ির আবুল কালাম ওরফে পলানমিয়ার ছেলে। তার চাচা রায়চাঁদ বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের জানান, শনিবার খবর পান কুমিল্লা মহাসড়কের পাশে ট্রাক পড়ে আছে।
ভাঙা আলাউদ্দিনের লাশ কাভার্ডভ্যানের ভেতর পাওয়া গেছে। সে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ২৭ টন চিনি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে চিনি কোম্পানি আকিজ গ্রুপের প্রতিনিধি জানান। এরপর থেকে চিনি সহ ট্রাকটি গায়েব হয়ে যায়। তার ফোন বন্ধ পাওয়ায় কোম্পানি থেকে আলাউদ্দিনকে সন্দেহ করা হয় বলে তিনি জানান। কিন্তু শনিবার আলাউদ্দিনের লাশ পাওয়ার পর ঘটনা স্পষ্ট হয়ে যায়। চিনি ছিনতাইকারী চক্রই আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে রাতের আঁধারে চিনি নিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধারের পর রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম করানো হয়েছে বলে তিনি জানান। ১৯/১/২০২৫সোম বার আলাউদ্দিনের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তার ভাই। আলাউদ্দিন প্রায় ৮ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালায়। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে লাকসাম থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

