এ,টি, এম, হুমায়ুন কাদির
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তির ও প্রার্থীতা প্রত্যাহারের পর এ আসনে মোট ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার (২১/০১/২০২৬ ইং) ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয় হতে চুড়ান্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন নান্দাইলবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
১। ইয়াসের খান চৌধুরী — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক ধানের শীষ।
২। আনোয়ারুল ইসলাম চান — বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), প্রতীক ফুলকপি।
৩। লুৎফুর বারী হামীম — গণফোরাম, প্রতীক উদীয়মান সূর্য।
৪। সাইদুর রহমান — ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাখা।
৫। হাসমত মাহমুদ তারিক — জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল।
৬। হাসিনা খান চৌধুরী — স্বতন্ত্র প্রার্থী, প্রতীক হাঁস।
ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করছেন তারা। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে ভোটের লড়াই হবে জমজমাট। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে সাধারণ ভোটাররা বলছেন, তারা যোগ্য, সৎ ও এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। সব মিলিয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচন ঘিরে জনমনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

