উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্দারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবার সর্বস্ব হারিয়ে চরম মানবিক সংকটে পড়েছে। অগ্নিকাণ্ডে নিহত মো. নছিমের ছোট ছেলে জাহাঙ্গীর আলমের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু নষ্ট হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এই ঘটনায় জাহাঙ্গীর আলম ও তার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়েছেন এবং খাবার, পোশাক ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন।
ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা দিতে সরেজমিনে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামি উখিয়া উপজেলার সম্মানিত আমির হযরত মাওলানা আবুল ফজল হুজুর সাহেব। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় মাওলানা আবুল ফজল হুজুর বলেন, “এ ধরনের দুর্ঘটনা আমাদের সবার জন্যই হৃদয়বিদারক। মানবিক দৃষ্টিকোণ থেকে বিপদগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি জামায়াতে ইসলামি উখিয়া উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসীর মতে, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে পরিবারটির দুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শেষে সকলের কাছে দোয়া কামনা করে বলা হয়, মানবতার তাগিদে আসুন আমরা সবাই এই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াই।
আল্লাহ তায়ালা ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

