সজিব আহমেদ
, ভালুকা (ময়মনসিংহ) | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ বুধবার
ময়মনসিংহের ভালুকা উপজেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ।
সভার শুরুতেই নবাগত ও বর্তমান দপ্তর প্রধানগণ সংসদ সদস্যের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। এরপর মুক্ত আলোচনায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের বর্তমান চিত্র এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। উপজেলার প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক কর্মকর্তাদের জনবান্ধব হওয়া এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি উপজেলার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, উপজেলা প্রশাসন সরকারের উন্নয়ন দর্শন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় উপজেলার সকল দপ্তরের কাজের সমন্বয় আরও জোরদার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন, ভালুকা কর্তৃক আয়োজিত এই সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভালুকাকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

