এ.টি.এম. হুমায়ুন কাদির,
নান্দাইল প্রতিনিধি:
গার্ড অব অনার গ্রহণ, সাংবাদিকদের বহুতল ভবনের আশ্বাস দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
আজ (২৬/০২/২০২৬ ) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে পৌঁছেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নান্দাইল সফর করছেন। তাঁর এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নান্দাইলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁর সফরের সূচনা হয়।পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে তিনি নান্দাইল চৌরাস্তায় অবস্থিত ” নান্দাইল প্রেসক্লাবে ” স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিমন্ত্রীকে স্বাগত জানানো হয়।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি কল্যাণ ট্রাস্ট গঠন এবং প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের দাবি উত্থাপন করেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
এ সময় তিনি নান্দাইলের সাংবাদিকদের জন্য একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণের কথাও জানান। এ ঘোষণা উপস্থিত সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর এই তিন দিনের সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, দপ্তর পরিদর্শন এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে বলে জানা গেছে।

