মোঃ রাজু হোসেন
প্রতিনিধি, লক্ষ্মীপুর রায়পুর উপজেলা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিলের হায়দরগঞ্জ ধানহাটা এলাকায় শালুর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিট থেকে রবিবার (১ মার্চ ২০২৬) ভোর ৫:১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের সাটার ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে মালিক দোকানের ভাঙা সাটার ও এলোমেলো অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন।
এদিকে ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে কোনো কার্যকর বাজার কমিটি নেই। দীর্ঘদিন ধরে বাজার পাহারাদারদের বেতন বকেয়া রয়েছে। পাহারাদারদের ভাষ্যমতে, তাদের প্রায় ২৩ হাজার টাকা করে বেতন বকেয়া থাকায় তারা পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছেন। ফলে বাজারে নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বাজারের বিভিন্ন দোকানে প্রায় প্রতি সপ্তাহেই চুরির ঘটনা ঘটছে। কিন্তু এসব দেখভাল বা প্রতিরোধ করার মতো কেউ নেই। এতে করে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত বাজার কমিটি গঠন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

