নিজস্ব প্রতিবেদক মোঃ তপছিল হাছান ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি সরকারি উন্নয়ন প্রকল্পের অনুমোদনকে কেন্দ্র করে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। মাত্র এক লাখ টাকার মাটি ভরাট কাজ অনুমোদনের বিনিময়ে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে বিষয়টি এখন প্রশাসনিক তদন্তের দাবিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় পৌর সড়ক থেকে মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত প্রায় ৪৫০ ফুট মাটি ভরাট প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দা মো. আবদুল মতিন মিয়াজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রকল্পটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট অফিসে গেলে সেখানে কর্মরত সামাদ হোসেন নামের এক ব্যক্তি বিভিন্ন সময় প্রকল্পটি পাশ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ভুক্তভোগীর দাবি, একাধিকবার অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে তিনি বিষয়টি নিয়ে হতাশ হয়ে পড়েন। অবশেষে নিরুপায় হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে আবারও সংশ্লিষ্ট অফিসে গেলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
এদিকে বিষয়টি স্থানীয়দের মধ্যেও তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে এবং উপজেলাকে ঘুষ-দুর্নীতিমুক্ত প্রশাসনে পরিণত করা যায়।

