মোঃ রেজাউল হক রহমত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (সকাল) এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন এলাকাবাসী পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে অন্যদের খবর দেন। অল্প সময়ের মধ্যেই বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার দীর্ঘদিন ধরে পরিবারসহ চট্টগ্রামে বসবাস করতেন। মাঝেমধ্যে তিনি নিজ গ্রাম রসুল্লাবাদে আসতেন এবং বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন বলেও এলাকাবাসী জানিয়েছেন। তবে কীভাবে তিনি ওই পুকুরে গেলেন এবং কখন সেখানে তার মৃত্যু হয়েছে—এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থানীয়দের কেউ বলছেন এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে, আবার অনেকেই মনে করছেন এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। কারণ রাতের আঁধারে বা ভোরে কীভাবে একজন মানুষ পুকুরে পড়ে গেলেন—তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু।”
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।
এদিকে পুকুরে ভাসমান মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ঢল নামে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন।

