মোহাম্মদ ওসমান/নাইক্ষ্যংছড়ি/বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ক্রমেই অপহরণকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। একের পর এক অপহরণের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
সর্বশেষ ৫ এপ্রিল ২০২৬, রবিবার সন্ধ্যার সময় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক মোর্শেদ (২০)কে বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেঙ্গার বিল এলাকা থেকে অপহরণ করা হয়েছে। মোর্শেদ উত্তর বাইশারী এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল হাকিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোর্শেদ যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অপহরণকারীরা তার পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবারটি চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাইশারীতে এর আগেও একই ধরনের একাধিক অপহরণ ঘটেছে। কিন্তু প্রতিবার প্রশাসনের ভূমিকা ছিল রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। ফলে অপরাধীরা আরও সংগঠিত হয়ে উঠছে এবং বারবার একই ধরনের অপরাধ ঘটানোর সাহস পাচ্ছে।
জনমনে প্রশ্ন— এই অপহরণ চক্রের পেছনে কোনো প্রভাবশালী বা রাজনৈতিক শক্তি কি আছে? নাকি স্থানীয় একটি সুসংগঠিত চক্রই তাদের সাহস জোগাচ্ছে? প্রশাসনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কি অপরাধীদের উৎসাহ দিচ্ছে?
ভুক্তভোগী পরিবার অভিযোগ করছে, কার্যকর পদক্ষেপের অভাবে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে মুক্তিপণ দিয়েই স্বজনদের উদ্ধার করতে হচ্ছে। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং পুরো এলাকা অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত হচ্ছে।
এলাকাবাসীর জোর দাবি— অবিলম্বে অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে এবং তাদের পেছনে থাকা মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বাইশারীর আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

