আল-আমিন, বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের ১৪৫ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আজ ০৬ এপ্রিল এক যৌথ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় জেলা প্রশাসন, শেরপুর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার ব্যাটালিয়ন সমন্বিতভাবে অংশগ্রহণ করে।
মহড়ার অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলা-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা পুনঃপরীক্ষা, ভোটগ্রহণ কক্ষের উপযুক্ততা যাচাই এবং নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন শেরপুরের মান্যবর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই মহড়ার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

