মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদের অভিযোগে ‘আলম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে একটি আবাসিক ভবনের ভেতরে অবস্থিত আলম এন্টারপ্রাইজে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে তেল সংরক্ষণ করছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।
এছাড়া পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এনে মজুদ করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে এবং মজুদকৃত তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে তেল মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

