সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামের বেকের বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বেকের বাজার এলাকার ওই বাড়িতে চোর চক্রের দুই সদস্য অত্যন্ত কৌশলে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসে। এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেলে চোর দুজনকে হাতেনাতে ধরে ও গণধোলাই দেয়।
চোরদের হাতেনাতে ধরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে পরবর্তীতে বড় কোনো আইনি জটিলতায় না গিয়ে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ আর করবে না—এমন শর্তে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। আজ হাতেনাতে চোর ধরা পড়ায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও চুরি রোধে এলাকায় টহল ও সতর্কতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

