তানভীর আজাদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ ৩০ ডিসেম্বর ভোর ৬ ঘটিকায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দেশের এই ক্রান্তিলগ্নে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
এক শোকবার্তায় তিনি বলেন,
“দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্ব, সাহস ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সকলকে মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করার আহ্বান জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কুষ্টিয়াসহ সারাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

