আশরাফুর রহমান রাব্বি
হোসেনপুর,কিশোরগঞ্জ,সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের জনসমক্ষে হাত উঁচিয়ে মঞ্চে পরিচয় করিয়ে দিয়ে বলেন,তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায়ের পর ভোট দিতে হবে।
এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি আসনে প্রার্থীদের জয় নিশ্চিত করে ভবিষ্যতে উন্নয়ন ও সমস্যা সমাধানের হিসাব নিশ্চিত নিশ্চিত করতে হবে।
দেশ গড়ার কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন,যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি, ঠিক সেভাবে সবাই মিলে কাজ করে দেশকে উন্নতির শিখরে তুলতে হবে। তিনি দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যেমন খাল খনন, ঘরে ঘরে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মান ও ভাতা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য উল্লেখ করেন। এছাড়া স্থানীয় রাস্তাঘাট, কলেজ ও হাসপাতালের উন্নয়নের জন্যও প্রার্থীদের জয় জরুরি বলে মন্তব্য করেন।
এদিকে ভোটের দিন ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যেকোনো নির্বাচনী ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখতে হবে।
সমাবেশস্থলে তিনি কিশোরগঞ্জের সংসদীয় ছয়টি আসনের প্রার্থীদের নাম ঘোষণার মাধ্যমে তাদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ আসনে মুহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম। এই প্রার্থীদের তিনি জনসভার মঞ্চে দাঁড়িয়ে জনগণের দোয়া ও সমর্থনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেন তিনি।

