গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই দিনে ৪১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কারাগারগুলোর তত্ত্বাবধায়করা এসব তথ্য জানিয়েছেন।
তারা জানিয়েছেন, যাছাই-বাছাই শেষে যেসব ব্যালট তাদের হাতে আসছে সেগুলোর মাধ্যমে নিবন্ধিত কারাবন্দীর দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাকি ব্যালট হাতে আসার পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
কাশিমপুর কারাগার-১ এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা বলেন, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। তাদের যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। মঙ্গলবার সেসব বন্দিরা ভোটাধিকার প্রয়োগ করছেন।
কাশিমপুর কারাগার-২ এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন বলেন, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে বুধবার ৯৩ জন বন্দি ভোট দিয়েছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। এর মধ্যে গত দুইদিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার বলেন, তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দী পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৩৪টি হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট গ্রহণ করা হয়েছে।
অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি।
শনিবার পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের পরে জেলা প্রশাসনের কাছে ১ হাজার ২২৪টি পোস্টাল (ভোটার) ব্যালট জমা পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ মাধ্যমে ভোট দেয়া যাবে।

