মো. মোকলেছুর রহমান (বাবু)
নীলফামারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) জনাব নায়িরুজ্জামান এবং পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও পরিদর্শন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, ভোট গ্রহণের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি তারা স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সংখ্যালঘু হিন্দু ভোটারদের সাথেও মতবিনিময় করেন। ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বাস দেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামান বলেন—
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন আরও শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে আমরা আশাবাদী। পুলিশ, সেনাবাহিনী, আনসার, র্যাব ও বিজিবিসহ যৌথ বাহিনী টানা পাঁচ দিন ধরে নীলফামারীর প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করছে এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন—
“সাধারণ ভোটারদের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আমাদের বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

