বিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দৌলতপুর উপজেলায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে মিছিলটি দৌলতপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর ও বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ-১ আসন (দৌলতপুর, ঘিওর ও শিবালয়) থেকে সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক মিছিলে অংশ নিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবার দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আবু বকর সিদ্দিক বলেন, “আমরা জাতির শাসক হতে চাই না, সেবক হতে চাই। দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আমরা এককভাবে নয়, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, ইসলামের আলোয় সমাজব্যবস্থা আলোকিত করাই তাদের লক্ষ্য।
বক্তৃতায় তিনি দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট ও সমস্যার কথা তুলে ধরেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে সরকার গঠন করলে এসব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ডা. আবু বকর সিদ্দিক বলেন, তারা নির্বাচিত হলে নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন এবং সমাজ ও দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন। তিনি আরও বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। আমরা কর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে সম্মানের সঙ্গে কর্মজীবী করে তুলতে চাই।”
এ সময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত বছরের শাসনব্যবস্থার সমালোচনা করেন এবং ভোটারদের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

