নীলফামারী প্রতিনিধি:মো: মোকলেছুর রহমান (বাবু)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হেলিড্রপ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় সোমবার (৯ ফেব্রুয়ারি) নীলফামারী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুরহাট জেলার দুর্গম কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে প্রশিক্ষিত প্যারা কমান্ডো সদস্যরা কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন—তা এই মহড়ায় প্রদর্শন করা হয়।
মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় নীলফামারী স্টেডিয়ামের আশপাশে এবং সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সেনাবাহিনীর এই মহড়া প্রত্যক্ষ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে বদ্ধপরিকর। মহড়াকালে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

