উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
বুধবার (১৮/০২/২৬ইং) বিকেলে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মরণাত্মক বিস্ফোরক জাতীয় বস্তু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে যৌথবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া এই ককটেলগুলো ধ্বংস করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থান হতে যৌথবাহিনী অভিযান চালিয়ে এই ককটেলগুলো জব্দ করে।
বরিশাল সেনাবাহিনী ক্যাম্পের “ক্যাপ্টেন পরশ মাহামুদ” এর নেতৃত্বে ককটেলগুলো পরিত্যক্ত স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।
বোম ডিসপোজ এ সহযোগিতার লক্ষ্যে কালকিনি থানার পক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, ককটেলগুলো নষ্ট করার পূর্বে স্থানীয় জনগণকে সতর্ক করা হয়। এছাড়া সেনা সদস্যরা খুবই নিকটবর্তী বসবাস করা বাসিন্দাদের নিরাপদ দুরুত্বে সরিয়ে নেন।
কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ক্ষতি ছাড়াই নিরাপদে বিস্ফোরকগুলো ধ্বংস করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

