শেখ আহম্মেদ, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের ফ্রিপোর্ট মোড় এলাকায় ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী হকার্স দল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় হকার, শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি মোঃ নাজিম উদ্দিন রকি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সহ মোঃ জাহিদ, মোঃ বাবর, মোঃ লোকমান, মোঃ তারেক হাসান, মোঃ তৈয়ব, মোঃ জামাল, মোঃ আলম, মোঃ মফিজ, মোঃ মাসুদ ও মোঃ জুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফ্রিপোর্ট এলাকায় নিয়মিত ভাবে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করছেন । চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, “আমরা নিম্নআয়ের মানুষ। ফুটপাতে ছোট ব্যবসা করে পরিবার-পরিজনের ভরণপোষণ চালাই। আমাদের ওপর অবৈধ চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে।”
হকার মালিক ও শ্রমিকরা অবিলম্বে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ফুটপাত ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

