আসাদুল হক, উপজেলা প্রতিনিধি, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলার চাকঘাট এলাকায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ স্পষ্ট ভাষায় বলেন, “আমি কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও মাদক সহ্য করবো না।” তিনি প্রশাসনকে এসব অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামসুজ্জোহা। তিনি বলেন, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও বক্তব্য দেন সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

