swadhinshomoy
25th Mar 2026 11:55 am | অনলাইন সংস্করণ Print
ইলিয়াস আলী মাসুক
২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও যানবাহন আটক করেছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ব্যথানাশক ঔষধ, জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকসসহ ১টি মাহিন্দ্র ট্রাক আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ হরিণছড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাক আসতে দেখে বিজিবি টহল দল সেটিকে থামানোর জন্য সংকেত দেয়। এ সময় ট্রাকচালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস লুকানো ছিল। দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব ভারতীয় নিম্ন মানের পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিক ভাবে আটক করা হয়।
এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আরেকটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে একটি সন্দেহভাজন মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে দেখা যায়, গাড়িটিতে থাকা কীটনাশক ও সারের বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অবৈধ ব্যথানাশক, চেতনানাশক ঔষধ এবং রং ফর্সাকারী নিম্নমানের অবৈধ কসমেটিকস লুকানো রয়েছে। এসব পন্য পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ঔষধ ও কসমেটিকস তাৎক্ষণিক ভাবে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অপর একটি অভিযানে একই স্থান থেকে গত ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে একটি সন্দেহ ভাজন ট্রাক তল্লাশি করে বালুর নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব জিরা তাৎক্ষণিক ভাবে আটক করা হয়।
আটককৃত মালামাল এবং পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির সিজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। অবৈধ ভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

