ফরিদপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যদায় মহান ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ স্মরণে ফরিদপুরে ‘১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‘১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি’র ফরিদপুর জেলা শাখার সভাপতি অমর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদুল হক সাজ্জাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য সাব্বির হোসেন চৌধুরী, পরিতোষ সাহা গজেন, পূর্ণ চন্দ্র বিশ্বাস, এনামুল হক শামিম, মো. মীর সেলিম, মো. শহীদ, মো. মোস্তফা এবং গৌতম চন্দ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গণহত্যার শিকার অগণিত মানুষের স্মৃতিকে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চের ভয়াবহ গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

