তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় নানা আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, পৌর প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া হিলি প্রেসক্লাব, আনসার, স্কাউটস, হিলি স্থল শুল্ক স্টেশন, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাহিলি পাইলট স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এএসপি এ এন এম নিয়ামত উল্লাহ এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
তবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মঞ্চে ডাকা না হওয়ায় কিছুটা অসন্তোষ দেখা যায়।
এরপর পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা, দড়ি টানাটানি, মোরগ লড়াই এবং নারীদের জন্য বল নিক্ষেপ প্রতিযোগিতা। এছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষপর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারকমণ্ডলী, উপস্থাপক, খেলা পরিচালনা কমিটি এবং গণমাধ্যমকর্মীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

