মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়িতে ইজি বাইক (টমটম) এর মুখোমুখি সংঘর্ষের ভয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে জীবন ত্রিপুরা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জীবন ত্রিপুরা ২নং কমলছড়ি ইউনিয়নের বিহারী ত্রিপুরার ছেলে।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থেকে বাসায় ফেরার পথে কমলছড়ির থানা চন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি উঁচু টিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি ইজি বাইক আসতে দেখে সংঘর্ষ এড়াতে জীবন ত্রিপুরা হঠাৎ লাফ দেন। এতে তিনি রাস্তার পাশে থাকা পাকা দেয়ালে মাথা আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়।
সহযাত্রীদের সহায়তায় তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয় পেয়ে লাফ দেওয়ার পর দেয়ালে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।”

