এস এম গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেরশ্বরী বাজারের সান তুলা মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বুধবার (২০ আগস্ট) বিকেলে আমরা পাটেশ্বরী বাজার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দৌঁড়ে যাই। মুহুর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আকাশ বরাবরে ওঠতে থাকে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিছু তুলা বেড় করতে সক্ষম হই। কিছুক্ষণ পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। এদিকে ফায়ার সার্ভিস এর দলটি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পার্শ্ববর্তী খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন লাগলে প্রায় ২০ কিলোমিটার দূর নাগেশ্বরী উপজেলার থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতি থেকে বাঁচতে অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জোর দাবী জানান তারা।
তুলার মিলের স্বত্বাধিকারী আলম হোসেন জানান, তুলার মিলের মেশিনে ফায়ার হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমার প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।
এবিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৫ লক্ষ টাকার মামামাল উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জন্য আগামী ‘জেলা উন্নয়ন সভায়’ ডিসি স্যারের(জেলা প্রশাসন) কাছে উত্থাপন করা হবে। আবেদন পেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করা হবে।

