অনলাইন ডেস্ক: লন্ডনের ফ্যেয়ারলোপ ওয়াটার পার্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন ইউকের (জুয়াক) উদ্যোগে রোববার (২৪ অগাস্ট) দিনব্যাপী বনভোজনের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে মুহূর্তেই ফ্যেয়ারলোপ ওয়াটার পার্ক পরিণত হয় বিলেতের বুকে এক টুকরো জাহাঙ্গীরনগরে।
বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচ থেকে শুরু করে ৪৮তম ব্যাচ পর্যন্ত সাবেকদের উপস্থিতিতে এটি পরিণত হয় নবীন-প্রবীণ সাবেকদের এক মিলনমেলায়।
জুয়াক সভাপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু জানান, প্রতি বছর গ্রীষ্মকালে জুয়াকের উদ্যোগে এ ধরনের বনভোজনের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সাবেকদের মধ্যে শুধু সম্পর্ক রক্ষা নয়, বরং পরিবার থেকে পরিবারে বন্ধন সৃষ্টি করা।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন ইউকে (জুয়াক) সাবেকদের একমাত্র নিবন্ধিত সংগঠন হিসেবে প্রতি বছর তিন থেকে চারটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

