মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্নুক্ত লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই লটারির আয়োজন করা হয়।
উপজেলার ১৪টি পরিমণ্ডলের জন্য ডিলার নিয়োগে মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ২৫টি আবেদন গ্রহণযোগ্য হয় এবং তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন।
লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিলাররা হলেন—পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে হাবিবুর রহমান, টেপাদীঘি ইউনিয়নের আবাদপাড়া বাজারে জহুরুল ইসলাম, দুপদল ইউনিয়নের সরঞ্জামপুর বাজারে সাইফুল ইসলাম, হাটকালুপাড়া ইউনিয়নের পার-আত্রাই বাজারে রবিউল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের মনিয়ারী বাজারে রবিউল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়নের মাঝিপাড়া বাজারে মিজানুর রহমান, আহসানগঞ্জ ইউনিয়নের আহসানগঞ্জ রেলস্টেশন বাজারে আব্দুস সালাম, শাহাগোলা ইউনিয়নের শাহাগোলা রেলস্টেশন বাজারে আজান সরদার ও ভবানীপুর বাজারে আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন—“সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে ডিলার নিয়োগের জন্য এই লটারির আয়োজন করা হয়েছে। নতুন ডিলারগণ তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন, যাতে সাধারণ মানুষ সহজে ও সুলভ মূল্যে খাদ্যশস্য পেতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামছুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
এসময় বক্তারা জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকারের নির্ধারিত বিভিন্ন প্রকল্পের খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে জনগণের কাছে খাদ্যশস্য বিক্রি কার্যক্রম শুরু করবেন।

