মো. সুজন আলী
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাসহ তিনিও সমালোচনার ঊর্ধ্বে থাকবেন না বলে অঙ্গীকার করেন তিনি।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হারুনুর রশীদ। সভায় তিনি চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন,
“বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ’, আমি বলবো ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ’।”
তিনি আরও বলেন,
“সাংবাদিকরা একটি জেলার উন্নয়নের অংশীজন। আমরা তাদের বাইরে রেখে উন্নয়ন পরিকল্পনা করি না।”
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগসহ বহুমুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাংবাদিক ও নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে।
হারুনুর রশীদ বলেন,
“আমি নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারবেন। যদি আমি বা আমার দলের নেতা-কর্মীরা অনিয়মে জড়িয়ে পড়ি, আপনারা নির্ভয়ে সমালোচনা করবেন। গণতন্ত্র টিকে থাকে প্রশ্ন ও সমালোচনার মধ্য দিয়েই।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন, ভোটারদের সহযোগিতা এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা সম্ভব হবে।

