মোঃ শাহজালাল, বরগুনা।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করতে আজ সোমবার (৫ জানুয়ারি) বরগুনা সফরে আসছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তাঁর এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় এই জেলায় নৌবাহিনী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সফরের উদ্দেশ্য ও কার্যক্রম আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও নৌবাহিনী সূত্রে জানা গেছে, সফরকালে নৌবাহিনী প্রধান বরগুনায় দায়িত্বরত নৌ কন্টিনজেন্ট ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
নৌবাহিনী প্রধান নির্বাচনের সময় নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। নৌবাহিনী সূত্র জানায়, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে বরগুনাসহ উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা ও কর্মসূচী নৌবাহিনী প্রধানের সফরকে ঘিরে বরগুনা শহর, সার্কিট হাউজ এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টায় নৌবাহিনী প্রধান হেলিকপ্টারযোগে বরগুনা জেলা সার্কিট হাউজ মাঠে অবতরণ করবেন। এরপর তিনি বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থ নৌ কন্টিনজেন্ট পরিদর্শনে যাবেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে গমন করবেন এবং ১২টা ৪০ মিনিটে সেখানে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

