ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ে কর্মচারীরা।
রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ে কর্মচারীরা।
প্রতিনিধি : নাজমুল হাসান
ময়মনসিংহ ব্যুরো
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকার দাইড়েরপুল নামক স্থানে রেললাইন ভাঙার ঘটনা ঘটে। পরে লাইন মেরামতের পর রাত ১০টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পাগলা থানার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইড়েরপুল এলাকায় রেললাইনে ৬ ইঞ্চির মতো ভাঙা অংশ দেখতে পান স্থানীয়রা।
তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করেন। পরে বিষয়টি স্থানীয় স্টেশন মাস্টারকে জানানো হলে রেলওয়ে কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন।
ওসি আরও জানান, মেরামত কাজ শেষ হলে রাত ১০টার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন ভাঙা থাকায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ গফরগাঁও রেলওয়ে স্টেশনে এবং ‘মহুয়া কমিউটার’ মশাখালী স্টেশনে আটকা পড়েছিল। লাইন ঠিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

