রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে যাওয়ায় ভোর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে কয়লাভর্তি একটি ট্রাক (রেজি: কুষ্টিয়া ঢ-১১/২৭২৭) হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি বিদ্যুৎ পোলের সঙ্গে ধাক্কা দেয়। এতে পোলটি ভেঙে গিয়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর অফিসের লাইনম্যানরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। পাশাপাশি বিকল্প সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পার্বতীপুর নেসকো’র প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানিয়েছেন, মেরামত কাজ শেষ হলেই দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

