তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। হিলির উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পাঁচটি প্রধান উন্নয়ন খাত চিহ্নিত করেন।
মন্ত্রী বলেন, স্থানীয় রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। হিলি রেলস্টেশনের আধুনিকায়নের মাধ্যমে যাত্রীসেবা ও পণ্য পরিবহনের সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও গতিশীলতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মাদক প্রতিরোধকে ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে, যাতে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় থাকে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সজাগ থাকতে হবে। প্রশাসনকে সহযোগিতা করুন, যাতে কোনো দুষ্কৃতকারী অপকর্ম করে সরকার বা আপনাদের নেতার ওপর দায় চাপাতে না পারে। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “খুব দ্রুতই আবার আপনাদের মাঝে ফিরে আসব। দীর্ঘ সময় নিয়ে আপনাদের কথা শুনব। ইনশাআল্লাহ, আগামী রমজানে আপনাদের সঙ্গে ইফতারে শরিক হব।”
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

