শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ফিরলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। তাকে বরণ করে নিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসী আয়োজন করে রাজকীয় সংবর্ধনার।
শ্রীমঙ্গলের প্রবেশদ্বার ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে ছিল মানুষের ঢল। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানান। মুহূর্তটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হাজি মুজিবের নেতৃত্বে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়িত হবে। তারা বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপি সরাসরি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।
সাধারণ মানুষের কাছে এই পরিদর্শন জনসেবার প্রতি তাঁর আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলে নতুন উন্নয়নের ধারা সূচিত হবে।

