আল আমিন বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকাসক্ত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধাতুয়া গ্রামে মাদকসেবনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবনের অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে মাদকসেবনের প্রমাণসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১। মোঃ উকিল (৫০), পিতা: মৃত হযরত আলী।
২। মোঃ ইউনুছ (৩৫), পিতা: মোঃ শওকত হোসেন।
৩। মোঃ ইমান আলী (৬৫), পিতা: মৃত মোহর উদ্দিন।
তারা সবাই গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের বাসিন্দা।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে প্রশাসন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

