শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসলের সুরক্ষা নিশ্চিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৃষকের স্বপ্নের ফসলের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী সুনামগঞ্জের শাল্লা উপজেলার কালিখোটা ও চায়ার হাওরের বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিনভর শাল্লা উপজেলার গুরুত্বপূর্ণ হাওরগুলোর বাঁধ পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কালিখোটা হাওর পিআইসি (PIC) নং ১১৬, ১১২, ১১৩, ১১৪, ১০৭ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লোজারের নির্মাণ কাজ। ছায়ার হাওর পিআইসি নং ৭৫, ৭৮, ৮০ ও ৮৯ নম্বর বাঁধের কাজ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁধের মাটির মান, উচ্চতা এবং দুরমুজ (Compaction) যাচাই করেন। তিনি জানান, বর্তমানে ক্লোজারগুলোর কাজের অগ্রগতি সন্তোষজনক এবং গড়ে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। দিন দিন কাজের গতি আরও বাড়ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বাঁধের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন “হাওরের মানুষের জীবন-জীবিকা এই একটিমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। যদি কেউ কাজে ফাঁকি দেয় বা অনিয়মের আশ্রয় নিয়ে বাঁধকে দুর্বল করে রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছি।”
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভ জিৎ রায় এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) উবায়দুল হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোরো ফসল ঘরে না তোলা পর্যন্ত বাঁধের সুরক্ষায় প্রশাসন ও স্থানীয় বাস্তবায়ন কমিটিগুলো সতর্ক অবস্থানে থাকবে।

