এস আলম, জামালপুর |
জামালপুর সদর উপজেলার ১৪নং দিগপাইত উপশহরের অত্যন্ত জনবহুল ‘কলেজ রোড’ এলাকায় সকল নিয়ম-নীতি তোয়াক্কা না করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা না রেখে জনৈক মোঃ লেবু মিয়া এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দিগপাইত উপশহরের কলেজ রোডের বাংলালিংক টাওয়ারের বিপরীত পাশে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ওই স্থানে রাস্তাটি এমনিতেই সরু, তার ওপর ঘেষেই ভবন নির্মাণ করায় চলাচলের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে।
উল্লেখ্য যে, এই রাস্তাটি দিগপাইতের ঐতিহ্যবাহী ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় এবং দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র প্রধান সড়ক। এছাড়া এই পথ দিয়েই প্রতিদিন মাতারপাড়া, গোপীনাথপুর, ছোনটিয়া বাজারসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
স্থানীয়রা জানান, যে পয়েন্টটিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেখানে রাস্তার একটি বাঁক রয়েছে। নিয়ম অনুযায়ী রাস্তার সীমানা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্থাপনা গড়ার কথা থাকলেও জমির মালিক মোঃ লেবু মিয়া কোনো নিয়মের তোয়াক্কা করছেন না। এতে করে রাস্তাটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ও হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি রক্ষার স্বার্থে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে সরকারি নিয়ম মেনে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

